শিক্ষক পদে আবেদনে জিপিএ পুনর্নির্ধারণ, শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপত্তির মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জিপিএ পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার সিন্ডিকেটের অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় সাবেক উপাচার্য ও ইউজিসি প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনকে প্রফেসর ইমেরিটাস করা হয় এবং বিধিবহির্ভূতভাবে ছুটিতে থাকায় ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশাদ কবিরকে চাকরিচ্যুত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম সভায় সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের দুই সিন্ডিকেট সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল হুদা এবং লোকপ্রশাসন বিভাগের সভাপতি কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এসব সিদ্ধান্ত গ্রহণের বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।সভা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান, আইন এবং ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩.৬০ এবং অপরটিতে জিপিএ-৩.৭০ পেতে হবে। এ ছাড়া সমাজবিজ্ঞান অনুষদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৩.৬৫ এবং জিপিএ-৩.৫ থাকতে হবে। আর কলা অনুষদে উভয় শ্রেণীতে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। তবে এ অনুষদের বাংলা, ইংরেজি ও চারুকলা ও আধুনিক ভাষা ইনস্টিটিউটে এ যোগ্যতা শিথিল করা হয়েছে।এর আগে শিক্ষক নিয়োগে গত সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন জিপিএ নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম জিপিএ-৩ নির্ধারণ করা হয়েছিল। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। তাঁদের আপত্তির মুখে গতকালের সভায় ওই সিদ্ধান্ত বাতিল করে শিক্ষাগত যোগ্যতার নতুন জিপিএ মান নির্ধারণ করা হয়। তবে ইতিমধ্যে যাঁরা আগের যোগ্যতা অনুযায়ী আবেদন করেছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হবে বলে সভা সূত্রে জানা গেছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত একটি কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এ নতুন জিপিএ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সিন্ডিকেট সদস্য কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘যোগ্যতা পুনর্নির্ধারণের পাশাপাশি প্রভাষক পদে লিখিত পরীক্ষা নেওয়ার কোনো সুপারিশ কমিটি করেনি। তাই প্রভাষক পদে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।’এদিকে, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশাদ কবির ২০০৬ সালে কোরিয়ার পুশান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আড়াই বছরের ছুটি দিয়েছিলেন। কিন্তু ছুটি শেষে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে জানান সিন্ডিকেট সদস্য কামরুল হুদা।