শিক্ষক পদে দলীয় প্রার্থী নিয়োগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদভুক্ত ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বাছাই করা প্রার্থীদের ব্যাপারে আপত্তি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা। তাঁদের অভিযোগ, প্রার্থী নির্বাচন কমিটি যোগ্য প্রার্থীদের বাদ দিয়েছে ও কম মেধাবীদের নিয়োগের সুপারিশ করেছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন।ওই অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী নির্বাচন কমিটির চেয়ারম্যান হারুন-অর-রশীদ। প্রথম আলোকে তিনি বলেন, প্রার্থীর বিভিন্ন পরীক্ষার ফল, প্রকাশনা, কমিটির সামনে তাঁর উপস্থাপনা সবকিছু বিবেচনা করে যোগ্য প্রার্থীদেরই নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাছাই করা প্রার্থীদের তথ্য তুলে ধরেন সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন। তিনি বলেন, যোগ্য প্রার্থী মো. আবদুল্লাহ আল মারুফ (অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয়, মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম), ইসরাত জাহান (অনার্সে প্রথম শ্রেণীতে তৃতীয়, মাস্টার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয়), খন্দকার আয়শা আক্তার (অনার্সে প্রথম শ্রেণীতে চতুর্থ, মাস্টার্সে প্রথম শ্রেণীতে চতুর্থ) তাঁদের বাদ দিয়েছে কমিটি। অন্যদিকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে দলীয় পরিচয়ধারী শেখ জহির রায়হান (অনার্সে প্রথম শ্রেণীতে পঞ্চম, মাস্টার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয়), মো. আবদুল মুহিত (অনার্সে প্রথম শ্রেণীতে ১১তম ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম), মো. আহসানুল আকবরকে (অনার্সে প্রথম শ্রেণীতে অষ্টম ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে ষষ্ঠ)।সদরুল আমিন বলেন, অন্যান্য বিভাগেও অনিয়ম হচ্ছে। আপত্তি জানিয়েও লাভ হচ্ছে না। মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে তিনি প্রধানমন্ত্রী ও আচার্যের কাছে আবেদন জানান।২০০২ সালে বিগত জোট সরকারের আমলে সাদা দল ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে শিক্ষক নিয়োগের সময় বাদ দেয় বিপ্লব কুমার দাসকে (অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম, মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম)। নিয়োগ দেয় মো. গিয়াসউদ্দিনকে (অনার্সে প্রথম শ্রেণীতে ১৮তম, মাস্টার্সে প্রথম শ্রেণীতে দশম)। সংবাদ সম্মেলনে এ রকম একাধিক অনিয়মের ব্যাপারে প্রশ্ন করলে ফার্মেসি অনুষদের সাবেক ডিন আবদুর রশীদ বলেন, নিয়োগ পাওয়া প্রার্থীরা কমিটির বিবেচনায় যোগ্য বিবেচিত হয়েছিলেন। গত বছর ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগে দুটি স্থায়ী প্রভাষক পদ ও শূন্য আসনের বিপরীতে দুটি সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়। গত সোমবার প্রার্থী বাছাই করে কমিটি। আজ সিন্ডিকেটের সভায় সুপারিশ করা প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত হতে পারে।