শিক্ষক পদে লিখিত পরীক্ষা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগে এখন থেকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষক ক্যাটাগরির বিভিন্ন পদে নির্দিষ্ট বয়সসীমার বেশি হলে আবেদন করা যাবে না।পদোন্নতির ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হতে অন্তত একটি এবং অধ্যাপক হতে অন্তত দুটি একক প্রকাশনা থাকতে হবে। পদোন্নতির ক্ষেত্রে গবেষণা সংস্থার ‘সম্মতিপত্র’ বিবেচনা করা হবে না।গত ৭ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি নীতিমালা অনুমোদন করা হয়। তৎকালীন উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন সভায় সভাপতিত্ব করেন।সভায় সিদ্ধান্ত হয়, প্রভাষক পদে ৩২, সহকারী অধ্যাপক ৩৫ ও সহযোগী অধ্যাপক পদে ৪০ বছরের ঊর্ধ্বে কেউ আবেদন করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দাবি করেন, নতুন নীতিমালার কয়েকটি ধারা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য নই। তাঁরা নতুন নীতিমালা বাতিলের দাবি জানিয়ে আগেরটি পুনর্বহালের দাবি জানান। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী বলেন, ‘নীতিমালার কয়েকটি ধারা নিয়ে আমাদের আপত্তি আছে। এগুলো সংশোধনের জন্য লিখিতভাবে উপাচার্যকে জানাব।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি দায়িত্ব নিলাম মাত্র।’প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগের নীতিমালা যুগোপযোগী করতে গত ১৪ ফেব্রুয়ারি সিন্ডিকেটের অতিরিক্ত সাধারণ সভায় একটি কমিটি করা হয়। সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্তকে সাত সদস্যের কমিটির প্রধান করা হয়। কমিটির তৈরি করা নীতিমালায় তিনটি সুপারিশ করা হয়।কমিটির সদস্য ও আইন অনুষদের ডিন জাকির হোসেন বলেন, ‘মানসম্মত শিক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এ নীতিমালা করা হয়েছে। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের সুযোগ কম। তা ছাড়া পার্শ্ববর্তী দেশগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়।’শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হক বলেন, ‘১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত কোনো বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা ও বয়সসীমা নির্ধারণের নজির নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ-সংক্রান্ত একটি নীতিমালা করা হয়েছে। এটি উচ্চশিক্ষার জন্য সহায়ক নয়।’একক প্রকাশনা নিয়েও শিক্ষকদের মধ্যে রয়েছে ভিন্নমত। এ ব্যাপারে একাধিক শিক্ষক বলেন, বিজ্ঞান গবেষণায় একক প্রকাশনা কোনোভাবেই সম্ভব নয়। ফলে বিজ্ঞানের শিক্ষকেরা পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিত হবেন।