শিক্ষক পরিবহনে হামলা, তিন শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শাখা ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবহনসহ কয়েকটি যানবাহনে হামলা চালিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ও শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির করিম চৌধুরীর অনুসারীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার সকাল নয়টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক অবরোধ করে এ হামলা চালানো হয়।
আহত শিক্ষকেরা হলেন পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, আরবি বিভাগের সভাপতি মোহাম্মদ ইসমাইল চৌধুরী ও মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক সজীব কুমার ঘোষ। আহত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গত শনিবারের ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক পরিবহনটি গতকাল সকাল পৌনে নয়টার দিকে নন্দীরহাট এলাকায় পৌঁছালে কে বা কারা পরিবহন লক্ষ্য করে এলোপাতাড়ি ঢিল ছোড়ে। তাদের ছোড়া ঢিলে ভাঙা কাচ পড়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক আহত হয়েছেন।’
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষকদের একটি অনুষ্ঠানে যোগ দিতে এলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হন নাছির করিম। এ সময় তাঁকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে দেয় লাঞ্ছনাকারীরা।