ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (বসুন্ধরা শাখার) এক ছাত্রীকে নির্যাতনের মামলায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নির্যাতিতা ছাত্রীর মা এ সাক্ষ্য দেন। আগামী ২২ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান সাক্ষ্য গ্রহণ শেষে এ তারিখ ধার্য করেন। এ মামলায় এ নিয়ে চারজন সাক্ষ্য দিলেন। ২০১১ সালের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের একজন ছাত্রীকে নির্যাতন করা হয়। ৫ জুলাই ছাত্রীর বাবা বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শিক্ষক পরিমল, অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করা হয়। গত বছরের ৭ জুলাই কেরানীগঞ্জ থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে। হোসনে আরা ও লুৎফর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।