শিক্ষক পরিষদ-ছাত্রলীগ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের বদলির দাবিতে তিন সপ্তাহ ধরে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে কলেজ শাখা ছাত্রলীগ। এই আন্দোলনকে উচ্ছৃঙ্খলতা, অন্যায় ও অযৌক্তিক অভিহিত করে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক পরিষদ। ছাত্রলীগের এই কর্মকাণ্ড বন্ধ না করলে পাল্টা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক পরিষদ।কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবু জাফর মো. মাহমুদুন্নবী জানান, ১৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে অধ্যক্ষ ছালামতউল্লাহকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু গত ২২ মে মন্ত্রণালয়ের অপর এক আদেশে অধ্যক্ষের বদলি স্থগিত করা হয়। তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ ছালামতউল্লাহ দুর্নীতিবাজ। এ জন্য তাঁর অপসারণের দাবিতে ছাত্রলীগ তিন সপ্তাহ ধরে আন্দোলন করছে। যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, শনিবার (আজ) থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনের মুখে অধ্যক্ষকে এখান থেকে বদলি নিয়ে চলে যেতে বাধ্য করা হবে।গত বুধবার বিকেলে কলেজ শিক্ষক পরিষদের এক জরুরি সভায় ছাত্রলীগের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে পাল্টা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুল লতিফ জানান, অধ্যক্ষের অপসারণের দাবিতে কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র যেসব কর্মকাণ্ড করছে, তাতে শিক্ষক পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তার সবই ভিত্তিহীন ও বানোয়াট। এসব উচ্ছৃঙ্খলতা বন্ধ না হলে শিক্ষক পরিষদ আন্দোলনে যাবে। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজার রাখার জন্য প্রশাসনেরও সহযোগিতা চেয়েছে শিক্ষক পরিষদ। অধ্যক্ষ ছালামতউল্লাহ প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বদলির আদেশ প্রত্যাহারের বিষয়টি পুঁজি করে ছাত্র নামধারী কিছু ছেলে বিশৃঙ্খল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শনিবার থেকে কেউ কঠোর কর্মসূচি দিলে শিক্ষকেরাও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ঠেকাতে পাল্টা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।