ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র, শিক্ষক, পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ১১৫ দিনে সড়কে প্রাণ গেল ১ হাজার ৯ জনের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান এলাকায় গতকাল সকালে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছে স্কুলছাত্র আল আমিন (১৪)। সে শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে এবং মাঝিপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এরপর দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বুড়াবুড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা যান তহিরন নেছা (৭৮)।
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার রাতে পিকআপের চাপায় নিহত হয়েছেন মোতালেব চাকলাদার (৩৮) নামের এক পুলিশ সদস্য। উপজেলার চুমুরদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাতেই মারা যান তিনি। মোতালেবের বাড়ি মাদারীপুরের রাজৈরের কৃষ্ণপুর গ্রামে।
কুমিল্লার দাউদকান্দির বারপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার রাতে গাড়িচাপায় রহমত আলী (১৭) নামের এক কিশোর মারা যায়। রহমত দাউদকান্দির পশ্চিম হুগুলিয়া গ্রামের হারুন মিয়ার ছেলে। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয় সে।
জয়পুরহাটের পাঁচবিবির ভীমপুরে হিলি সড়কে গতকাল সকালে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক তৌফিক রব্বানী (৩২) নিহত হন। তাঁর বাড়ি দিনাজপুরের হাকিমপুরের গোবিন্দপুর গ্রামে। তিনি জয়পুরহাট থেকে গোবিন্দপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে মেঘনা সাইকেল কারখানার সামনে সোমবার রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বেপরোয়া গতির পিকআপ ধাক্কা দিলে রফিকুল ইসলাম (২৮) নামের একজন নিহত ও তিনজন আহত হন। হতাহত ব্যক্তিরা সবাই পিকআপের যাত্রী। রফিকুলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের কিসমত নড়াইল গ্রামে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি লেগুনার আরোহী সিরাজুল ইসলাম (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও চারজন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজুলের বাড়ি মান্দারীটোলা গ্রামে।