শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতার গ্রেপ্তার দাবি
বগুড়ার ধুনটে শিক্ষক পেটানোর অভিযোগে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খাদুলি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফকে চাঁদার দাবিতে মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া মারধর করেন। এ ঘটনায় আবদুর রউফ বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় সুজন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেনি। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা বলেন, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে বিদ্যালয়ে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে।
ছাত্রলীগের নেতা সুজন মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে প্রধান শিক্ষক থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। চাঁদার দাবিতে তাঁকে কোনো মারপিট করা হয়নি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিক্ষককে মারধরের অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।