আন্দোলনকারী শিক্ষকদের দাবির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত করার পর অবরোধ প্রত্যাহারের কথা থাকলেও উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে অবরোধ অব্যাহত রেখেছেন শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আন্দোলনকারী শিক্ষকেরা। চতুর্থ দিনের মতো গতকালও প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অবরুদ্ধ ছিলেন দুই সহউপাচার্য এবং রেজিস্ট্রার।
শিক্ষক প্রতিনিধি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল দুপুরে শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী সাত ডিসেম্বর শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সাধারণ শিক্ষক ফোরাম এবং অন্যান্য শিক্ষক সংগঠনের অনুরোধের পরিপ্রেক্ষিতে উপাচার্যের অনুমোদনক্রমে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
আন্দোলনকারী শিক্ষকেরা গতকাল দুপুর একটার দিকে প্রথম আলোকে জানান, নির্বাচন স্থগিত করায় আজ (গতকাল) বিকেলের মধ্যে অবরোধ প্রত্যাহার করা হবে। কিন্তু সন্ধ্যা সাতটার দিকে এক সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে ঐক্য ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান জানান, উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত বা উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত দুই সহউপাচার্য অবরুদ্ধ থাকবেন। তবে রেজিস্ট্রারের অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে জানান।
উপাচার্য মো. আনোয়ার হোসেন চিকিত্সার জন্য ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন সহউপাচার্য (শিক্ষা) এম এ মতিন। সহউপাচার্য (প্রশাসন) আফসার আহমদ বলেন, ‘শিক্ষকেরা শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের যে দাবি করেছিলেন আমরা তা বাস্তবায়ন করেছি। কিন্তু এখন তাঁরা নতুন করে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে অবরোধ অব্যাহত রেখেছেন। কিন্তু এটা আমাদের এখতিয়ারের বাইরে।’
নতুন দাবিতে কেন অবরোধ অব্যাহত রেখেছেন এমন প্রশ্নের জবাবে সদস্যসচিব কামরুল আহসান বলেন, ‘আজ (গতকাল) উপাচার্য ছুটি শেষে ফেরার কথা ছিল। কিন্তু তিনি ফিরে না আসায় আমরা ভারপ্রাপ্ত উপাচার্যকেই রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপাচার্যের অপসারণের দাবিতে মশাল মিছিল বের করে ঐক্য ফোরাম।