জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে ১৩টি ক্যাটাগরিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে দুটি ছাড়া সবকটিতে আওয়ামী লীগপন্থী প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি’ এবং বিএনপিপন্থী শিক্ষকেরা ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী’ শিক্ষকদের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে অধ্যাপক ক্যাটাগরিতে মো. আবুল হোসেন, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মোহাম্মদ বখতিয়ার রানা, অর্থ কমিটিতে অধ্যাপক ক্যাটাগরিতে পৃথ্বীলা নাজনীন নীলিমা, শিক্ষা পর্ষদের সদস্য পদে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সুকল্যাণ কুমার কুণ্ড, শেখ তৌহিদুল ইসলাম, লিটন রোজারিও, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে সৈয়দ আবু তোয়াব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আরিফুর রহমান জয়লাভ করেছেন। ডিন ও প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগপন্থী প্যানেলের গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন মো. নুরুল আলম ও নওয়াব ফয়জুন্নেছা হলের প্রাধ্যক্ষ এস এম বদিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া বিএনপিপন্থী প্যানেল থেকে সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে এ কে এম রাশেদুল আলম ও প্রভাষক ক্যাটাগরিতে বোরহানউদ্দিন জয়লাভ করেছেন। নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।