শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের দুই প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সরকার-সমর্থক হিসেবে পরিচিত নীল দল থেকে দুটি আলাদা প্যানেলে ৭০ জনের নাম জমা পড়েছে। এ ছাড়া বিএনপি-সমর্থক সাদা দল থেকে ৩৫ জনের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। ২২ মে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল। নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন জানান, তিনটি প্যানেল থেকে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। একজন নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এখন প্রার্থীর সংখ্যা ১০৫।
নির্বাচনের ঘোষণা অনুযায়ী, আজ রোববার বেলা একটার মধ্যে কোনো প্রার্থী চিঠি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। তবে নীল দলের দুই পক্ষই গতকাল শনিবার পর্যন্ত তাদের প্যানেলের বিষয়ে অটল ছিল। দুই পক্ষই বলছে, তাদের নিজেদের প্যানেলই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি।
দুটি প্যানেল দেওয়ার কারণ জানতে চাইলে নীল দলের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, নীল দলের আহ্বায়ক কমিটির মেয়াদের প্রশ্নে এই বিভক্তি সৃষ্টি হয়। ২০১৫ সালের ১৫ এপ্রিল গঠিত নীল দলের এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের এপ্রিলে। সিনেট নির্বাচনকে ঘিরে নীল দলের এক সভায় এই বিভক্তির সূত্রপাত। এ অবস্থায় আহ্বায়ক নাজমা শাহীনের নেতৃত্বে ৩৫ জনের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। অন্য প্যানেলের নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, নীল দলের আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ। দুই দফা কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ গত জানুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এরপর কমিটির কোনো সভা ডাকা হয়নি। তাই তাঁদের কমিটি দেওয়ার এখতিয়ার নেই। তিনি বলেন, ১০ মে অনুষ্ঠিত নীল দলের সাধারণ সভায় যেসব প্রার্থীকে অনুমোদন দেওয়া হয়, রাতের আঁধারে তাঁদের অনেকের নাম বদলে দেওয়া হয়েছে।
অন্যদিকে নাজমা শাহীনের পক্ষের প্রার্থী অধ্যাপক আ জ ম শফিউল আলম ভূইয়া বলেন, দলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা যে প্যানেলে আছেন, সেটাই চূড়ান্ত প্যানেল। এর বাইরে গিয়ে যাঁরা প্যানেল দিয়েছেন, ধরে নিতে হবে তাঁরা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।