শিক্ষক প্রতিনিধি পদ নিয়ে দ্বন্দ্ব থেকে মামলা, বিভক্ত শিক্ষকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ ও উপাধ্যক্ষের মধ্যে ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি পদ নিয়ে দ্বন্দ্বের কারণে জামালপুরের জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। তাঁদের এই দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। শিক্ষকেরাও দুই দলে বিভক্ত হয়ে পড়েছেন। এতে কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ জুন কলেজের ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধির মেয়াদ উত্তীর্ণ হয়। পদটির মেয়াদ শেষ হওয়ার আগে আগে অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলাম শিক্ষক প্রতিনিধি নির্বাচনপ্রক্রিয়া গোপনে কাগজে-কলমে সেরে ফেলেন। গত ৯ মে দুই বছর মেয়াদি তিনজন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়। নির্বাচিত ব্যক্তিরা হলেন কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক মো. ইকরামুজ্জামান, বাংলা বিষয়ের প্রভাষক মাহবুবুর রহমান ও ফাহমিদা বেগম। ওই নির্বাচনকে বেআইনি, নিয়মবহির্ভূত ও অবৈধ দাবি করে ৩১ মে কলেজের উপাধ্যক্ষ মো. সুরুজ্জামান আদালতে মামলা করেন। মামলাটি বিচারাধীন। এসব নিয়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের মধ্যে চরম দ্বন্দ্ব তৈরি হয়েছে। শিক্ষকেরাও দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এতে করে কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকায় তিন একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এখানে ডিগ্রি পর্যায়ে বিএসএস (পাস) ও স্নাতক সম্মান পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ের কোর্স রয়েছে।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাইনুল ইসলাম বলেন, ‘শিক্ষক প্রতিনিধির নির্বাচন সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। হঠাৎ করে গত ৯ মে নির্বাচন শেষ হওয়ার খবর জানতে পারি। তবে কলেজে কোনো নির্বাচন বা আলোচনা হয়নি। আমি একজন জে৵ষ্ঠ শিক্ষক হওয়ার পরও নির্বাচন সম্পর্কে কিছুই জানি না। নির্বাচনকে কেন্দ্র করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের মধ্যে এখন দ্বন্দ্ব চরমে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তাঁরা দুজন এখন কলেজের যেকোনো বিষয়ে দুই মেরুতে অবস্থান করছেন। দ্রুত বিষয়টির সমাধান না হলে কলেজে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হতে পারে।’

কলেজের উপাধ্যক্ষ মো. সুরুজ্জামান বলেন, ‘শিক্ষক প্রতিনিধি নির্বাচনে যথাযথ বিধি মানা হয়নি। এসব বিষয়ে প্রতিবাদ করায় অধ্যক্ষের সঙ্গে আমার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি আইনে শিক্ষক প্রতিনিধি নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও অধ্যক্ষ সেটা অনুসরণ না করে গোপনে তা সম্পন্ন করেন। তিনি উদ্দেশ্যমূলকভাবে একটি সাজানো নির্বাচন দেখিয়ে তাঁর আজ্ঞাবহ শিক্ষকদের নির্বাচিত দেখিয়েছেন। এটা সম্পূর্ণভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন। ফলে শিক্ষক প্রতিনিধি নির্বাচন বিধি অনুযায়ী নতুনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি।’

অধ্যক্ষ তফিকুল ইসলাম বলেন, ‘বিধি মেনেই শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম হয়নি। একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনের সুযোগ ছিল না। তারপরও বিষয়টি নিয়ে মামলা হয়েছে। এখন আদালত যে সিদ্ধান্ত দিবেন, সেটাই মেনে নেব।’

কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ মান্নান বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য আলোচনা চলছে। দ্রুততম সময়ের মধ্যেই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সমাধান না হলে আদালত যে সিদ্ধান্ত দিবেন, সেটাই বাস্তবায়ন করা হবে।’