শিক্ষক ফরিদ হত্যার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার স্কুল-শিক্ষক মো. ফরিদ জমাদ্দার হত্যা মামলার আসামি আবুল কালাম ওরফে কালু সরদারকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গোদারবাজার এলাকা থেকে গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার কালুকে বরিশাল আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের কাছে খুনের কথা স্বীকার করে তিনি জবানবন্দি দেন।মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, কালু সরদারকে বৃহস্পতিবার সকালে প্রথমে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে হাজির করা হয় বরিশাল-২ নম্বর আদালতে। সেখানে তিনি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত শিক্ষক ফরিদের ভাই শাহজালাল জমাদ্দার বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি কাজল হাওলাদারসহ ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। তবে মামলার বাদী বলেন, গ্রেপ্তার হওয়া কালু সরদার খুনের সঙ্গে জড়িত থাকলেও তাঁর সহযোগীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তিনি তাদের গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, ২২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার পথে শিক্ষক ফরিদকে কুপিয়ে হত্যা করা হয়।