জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক আ স ম ফিরোজ-উল-হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বছরের ৩০ সেপ্টেম্বর মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় র্যাব-২-এর সদস্যরা শ্যামলী থেকে তাঁকে গ্রেপ্তার করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় রাষ্ট্রপক্ষ বাদী হয়ে ওই দিন শেরেবাংলা নগর থানায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ৪ (খ)/১৩ ধারা অনুসারে মামলা করে। পরদিন তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২১ মে অতিরিক্ত সিএমএম-১-এর ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলামের আদালত নম্বর-২-এ চার্জশিটভুক্ত আসামি না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।আ স ম ফিরোজ উল হাসান বলেন, অপরাধ না করেও গ্রেপ্তার হওয়ার বিষয়টি তাঁকে মানসিক নির্যাতনের মধ্যে রেখেছিল। সৎমানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব কর্তৃপক্ষকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।