জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ফোরাম। গতকাল শনিবার প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনে সকাল ১০টার দিকে গণসংযোগ করেন আন্দোলনকারী শিক্ষকেরা। এরপর দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, ২০১২ সালের ১ ও ২ আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়াসহ ১২টি অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষক সমিতি। এর ফলে সৃষ্ট অচলাবস্থার সমাধান চেয়ে ৭ জুলাই হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও একজন শিক্ষার্থী। গত ২৪ জুলাই হাইকোর্ট প্রশাসনিক ভবন সচল করার নির্দেশ দিয়ে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেন। এরপর থেকে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলন অব্যাহত রয়েছে।