জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষক ফোরামের ডাকা কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতির দ্বিতীয় দিন গতকাল রোববারও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। তবে প্রত্নতত্ত্ব, ইংরেজি, দর্শন ও ইতিহাস বিভাগে ক্লাস হয়েছে।
বিভিন্ন বিভাগ ঘুরে গত শনিবারের চেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক স্বাধীন সেন বলেন, ‘কর্মবিরতি কর্মসূচির ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এটা সমর্থন করি না। তাই ক্লাস-পরীক্ষা নিচ্ছি।’
শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে কর্মবিরতি কর্মসূচি পরিবর্তন করা হবে কি না, জানতে চাইলে সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বিষয়টি আমরা ভেবে দেখছি। এ নিয়ে আলোচনা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব।’
শিক্ষক লাঞ্ছনার যথাযথ বিচার না হওয়া, গণমাধ্যমে উপাচার্যের অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদানসহ ১৬টি অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষকদের একাংশ।