শিক্ষক বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের খন্দকার দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষক তুচ্ছ কারণে গত শনিবার দুপুরে এক খুদে শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজন ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম জেবুল মিয়া (১১)। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। গত শনিবার দুপুরে পাঠবিরতিকালে (টিফিন) সহপাঠী জুয়েল জেবুলের মাথায় পরা টুপি কেড়ে নিয়ে আরেক সহপাঠী রাহাতের কাছে দেয়। রাহাত এটি লুকিয়ে রাখে। জেবুল বিষয়টি মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামকে জানায়। নজরুল তাকে জানান, বিরতির পর এর বিচার করবেন। রাহাত সেটা শুনে কিছু সময় পর মিথ্যা তথ্য সাজিয়ে নজরুল ইসলামের কাছে গিয়ে জানায়, জেবুল তাঁর (নজরুল) নামে আজেবাজে কথা বলেছে। এর পরিপ্রেক্ষিতে নজরুল জেবুলকে ডেকে বাঁশের মোটা কঞ্চি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। পিটুনিতে জেবুলের ডান কান ফেটে রক্ত ঝরতে থাকে। জেবুলের মা মনোয়ারা (৪৫) কেঁদে কেঁদে বলেন, ‘আছা-মিছা (সত্য-মিথ্যা) যাচাই না করিয়া হুজুরে আমার ছেলেটারে ইচ্ছামতো মারছইন। আমি ইটার বিচার চাই।’স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা সাঈদ এনাম জানান, জেবুলের শরীরের ক্ষত সারতে কিছুটা সময় লাগবে। প্রয়োজনীয় চিকিত্সা চলছে।খন্দকার দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আনসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে মুঠোফোনে জানান, শিক্ষক নজরুলকে পাঠদান কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করে শিক্ষক নজরুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।