শিক্ষক বদলিতে সুপারিশ-হুমকি!
‘সুপারিশ তো করেই থাকি। কাজই তো সুপারিশ করা। অঘা (অযোগ্য) মার্কা লোক দিলে কি স্কুল থাকবে? স্কুলের পরিবেশ ভালো রাখার জন্য যোগ্য লোকদের পক্ষে সুপারিশ করা হয়।’‘কেউ সুপারিশ চাইলে সুপারিশ করি। মানা না-মানা কর্তৃপক্ষের ব্যাপার।’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির সুপারিশ প্রসঙ্গে জানতে চাইলে যশোরের দুই সাংসদ সম্প্রতি প্রথম আলোকে এ কথা বলেন। তাঁরা হলেন যশোর-৩ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমান ও যশোর-৪ (বাঘারপাড়া ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন) আসনের সাংসদ রণজিত্ রায়। বিভিন্ন সময়ে সুপারিশ না মানায় ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে এবং লোক পাঠিয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগও আছে এই দুই সাংসদের বিরুদ্ধে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ ও বদলিসংক্রান্ত নীতিমালায় আছে, কোনো বিদ্যালয়ে পদ খালি হলে তাতে যে শিক্ষকেরা আবেদন করবেন, তাঁদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ওই শূন্য পদ পূরণ করা হবে। আবার কোনো বিদ্যালয়ে পাঁচজনের কম শিক্ষক থাকলে সেই বিদ্যালয়ের কোনো শিক্ষককে বদলি করা যাবে না। কয়েক মাস আগে সদর উপজেলার কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন শহরের এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করেন। ওই আবেদনপত্রে সাংসদ খালেদুর রহমান ও রণজিত্ রায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। অথচ জ্যেষ্ঠতার তালিকায় সাইদা ইয়াসমিন ছিলেন ছয় নম্বরে। কিসমত হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করেন। অথচ তখন ওই বিদ্যালয়ে শিক্ষক ছিলেন চারজন। সেখানেও সাংসদ খালেদুর রহমানের সুপারিশ ছিল।কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তারকে এন এম খান বিদ্যালয়ে বদলির জন্য সুপারিশ করেন সাংসদ রণজিত্ রায়। কিন্তু তাঁর চেয়ে জ্যেষ্ঠ আবেদনকারী থাকায় তাসলিমা আক্তারের বদলি হয়নি। এখন শহরের যেকোনো একটি বিদ্যালয়ে তাঁকে বদলির জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার ওপর সাংসদের চাপ অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখনো শহরের রামকৃষ্ণ আশ্রম, যশোর ইনস্টিটিউট, এন এম খান, নাজির শংকরপুরসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির জন্য সাংসদ খালেদুর রহমানের সুপারিশ অব্যাহত আছে।সুপারিশ কার্যকর না হওয়ায় ক্ষিপ্ত হয়ে খালেদুর রহমান কিছুদিন আগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা সুলতানাকে অন্যত্র বদলির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠান। বাঘারপাড়া উপজেলায় তাঁর বদলিরও আদেশ হয়ে যায়। পরে অবশ্য তা বাতিল হয়ে যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা রেহেনা সুলতানা বলেন, ‘সুপারিশ আর হুমকির কারণে ফোন ধরার উপায় নেই। তাই বেশির ভাগ সময়ই ফোন বন্ধ রাখতে হচ্ছে।’ শিক্ষক বদলির ক্ষমতা উপজেলা শিক্ষা কমিটির সভাপতির হাতে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।সুপারিশ কার্যকর না হওয়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে হুমকির বিষয়টি অস্বীকার করেন খালেদুর রহমান। তবে শিক্ষা কর্মকর্তাকে বদলির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক আগে একবার সরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল।’ সাংসদ রণজিত্ রায় মুঠোফোনে হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বিষয়টি এখন খোঁজ নিয়ে দেখতে হবে।’