শিক্ষক বদলির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আরিফুর রহমানকে বদলির প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন।এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এইচএসসি, ডিগ্রি ও স্নাতক (সম্মান) শ্রেণীর প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য নীলফামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগে মাত্র তিনজন শিক্ষক আছেন। কিন্তু হঠাৎ করে অধ্যাপক খন্দকার আরিফুর রহমানকে বদলি করায় কলেজটি নতুন করে আরও শিক্ষকসংকটে পড়ে যাবে। তাই অবিলম্বে বদলির আদেশ স্থগিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু জানান, ইংরেজি বিভাগে ছয়টি পদে মাত্র তিনজন শিক্ষক ছিলেন। সেখান থেকে একজনকে বদলি করা হয়েছে।