শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ
জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে প্রেষণে বদলি করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা শহরের প্রধান রাস্তায় শুয়ে পড়ে অবরোধ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শহরে ছাত্ররা বিক্ষোভ মিছিলও করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গণিতের শিক্ষক আফজাল হোসেন ও ইংরেজির আমিনুর রহমানকে প্রেষণে বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের সামনে প্রধান রাস্তায় বসে ও শুয়ে অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের বুঝিয়ে নিবৃত্ত করে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে শহরে বিক্ষোভ মিছিল করে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকসংকটের মধ্যেও ভালো দুজন শিক্ষককে বদলি করা হয়েছে। এটা প্রত্যাহার করা না হলে তারা ক্লাস বর্জন অব্যাহত রাখবে। প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব জানান, ছাত্রদের অভিযোগ সঠিক নয়। ২৫ মার্চ আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল রাজশাহী থেকে ফ্যাক্সবার্তায় ওই দুই শিক্ষককে প্রেষণে বদলির আদেশ আসে। শিক্ষকস্বল্পতার মধ্যে ওই দুই শিক্ষককে বদলি না করার জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলেন।