শিক্ষক বরখাস্তের জেরে বগুড়ায় কলেজে ক্লাস বর্জন অব্যাহত
বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের এক শিক্ষককে বরখাস্তের আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে শহরে সমাবেশ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
কলেজের অধ্যক্ষ এ এন এম আমিনুল ইসলাম বলেন, একজন শিক্ষককে বরখাস্তের ঘটনায় পরিচালনা পর্ষদ এবং শিক্ষকেরা এখন নিজেদের সিদ্ধান্তে অনড়। শিক্ষক-শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। অন্যদিকে পরিচালনা পর্ষদও তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। ফলে বিষয়টির সন্তোষজনক কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না। পাঠদান কার্যক্রম ভেঙে পড়ায় অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করেছেন।
কলেজ সূত্র জানায়, শিক্ষক মাসুদ করিমকে বারখাস্তের আদেশ বাতিলের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থী ও শিক্ষকেরা ক্লাস বর্জন করে কলেজের বাইরে বিক্ষোভ করেন।
কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি জিয়াউল হক বলেন, যৌক্তিক দাবিকে দমিয়ে দিতে শিক্ষকদের ওপর বরখাস্তের খড়্গ চালানো হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকেরা ক্লাসে ফিরবেন না।