শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামের রওশন ইজদানী একাডেমীর সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানীকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ করে এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। গতকাল মঙ্গলবার তারা এসব কর্মসূচি পালন করে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক সৈয়দ মাহবুবুল আলম দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ জানুয়ারি মারা যান। মাহবুবুল আলম অসুস্থ থাকাকালীন নিয়মানুযায়ী সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু সেই নিয়ম না মেনে ব্যবস্থাপনা কমিটি গত বছরের ২২ নভেম্বর সহকারী শিক্ষক আবদুল কাইয়ূমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। গত ২৪ এপ্রিল গোলাম রব্বানী এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ মে জেলা শিক্ষা কর্মকর্তা ওয়ালী উল্লাহ্ বিষয়টিকে অবৈধ উল্লেখ করে ২৬ মের মধ্যে গোলাম রব্বানীর কাছে যাবতীয় দায়িত্ব হস্তান্তরের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত নির্দেশ দেয়।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, এ অবস্থায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গত বছরের ৩১ অক্টোবর সভার সিদ্ধান্ত অনুযায়ী গোলাম রব্বানীকে বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে এ-সংক্রান্ত একটি চিঠি গত ২৯ মে তাঁকে (গোলাম রব্বানী) ধরিয়ে দেয়। এ ঘটনা জানার পর বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী গতকাল ক্লাস বর্জন এবং এলাকায় বিক্ষোভ করে। একপর্যায়ে তারা বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য গতকাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দুজ্জামান এবং সহকারী শিক্ষক আবদুল কাইয়ূমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘সরকারি পরিপত্রের নির্দেশনা অমান্য করে অন্যায়ভাবে সহকারী শিক্ষক আবদুল কাইয়ূমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চাওয়ার কারণে আমাকেও একই পন্থায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরকে জানিয়েছি।’