শিক্ষক বাসে হামলার ঘটনায় দুই শিবির কর্মী ফের রিমান্ডে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে ককটেল হামলার মামলায় গ্রেপ্তার শিবিরের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত ই এলাহী শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাঁদের এই মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, ১০ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলার ছড়ারকুল এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে ককটেল হামলার অভিযোগে দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দুই আসামি মোহাম্মদ ইউসুফ ও তৌহিদুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার এসআই নুরুল হাকিম আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে জানান, শিক্ষক বাসে হামলার মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে গত বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে পাঁচ আসামির মধ্যে দুই আসামি শিবিরের কর্মী মোহাম্মদ ইউসুফ ও তৌহিদুল ইসলাম হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও রাজি হন। দুই দিনের রিমান্ড শেষ হওয়ায় তাঁদের শনিবার বিকেলে আদালতে হাজির করা হয়। কিন্তু বিচারকের খাসকামরায় ঢোকার আগে তাঁরা জবানবন্দি দিতে রাজি হননি। পরে তাঁদের আবার জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে এই মামলায় দুই দিনের রিমান্ড শেষ হওয়া তিন আসামি মামুন কাজী, মোস্তফা কামাল ও ইমান হোসেনকে শনিবার আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে ককটেল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা রবিউল আলম বাদী হয়ে হাটহাজারী থানায় বিস্ফোরক ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন ওই দিন রাতে। পরে পুলিশ সেদিন ঘটনাস্থল থেকে আসামি মোহাম্মদ ইউসুফ ও তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এই মামলায় এখন পর্যন্ত মোট ১১ আসামি গ্রেপ্তার আছে বলে তদন্ত কর্মকর্তা জানান।