শিক্ষক বাসে হামলার ঘটনায় পাঁচ শিবির কর্মী বহিষ্কৃত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবিরের পাঁচ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। পাশাপাশি পুলিশি অভিযানে ছাত্রাবাসের যেসব কক্ষ থেকে পেট্রলবোমাসহ নানা ধরনের অস্ত্র পাওয়া গেছে সেসব কক্ষের আবাসিক শিক্ষার্থীদের আসন বাতিলের সিদ্ধান্ত নিতে ছাত্রাবাসের প্রাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই মর্মে তাঁদের কারণ দর্শাতেও বলা হয়েছে।
আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৯৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকবাসে হামলার ঘটনায় আদালতে দুই শিক্ষার্থী যে জবানবন্দি দিয়েছেন তার ভিত্তিতেই পাঁচজনকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করা হয়েছে।’
সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিবিরের কর্মীরা হলেন গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের আবদুল হালিম, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের মো. আমিন উদ্দিন, একই বিভাগের চতুর্থ বর্ষের মো. ইব্রাহিম খলিল, তৃতীয় বর্ষের তৌহিদুল ইসলাম ও মো. ইউসুফ।
সভা সূত্র আরও জানায়, বহিষ্কৃতদের মধ্যে মোহাম্মদ ইউসুফ ও তৌহিদুল ইসলাম বর্তমানে কারাগারে আছেন। আদালতে স্বতঃপ্রণোদিত হয়ে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ দুজন হামলায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আবদুল হালিম, মো. আমিন উদ্দিন ও মো. ইব্রাহিম খলিলও হামলায় অংশ নেন বলে জানান। এর ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ এই পাঁচজনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল।
গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে ককটেল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা রবিউল আলম বাদী হয়ে হাটহাজারী থানায় বিস্ফোরক ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন ঘটনার দিন রাতে। পরে পুলিশ ওই দিন ঘটনাস্থল থেকে আসামি মোহাম্মদ ইউসুফ ও তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ছাড়া তিনটি ছাত্রাবাস থেকে পেট্রলবোমা, ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে শিবিরের নেতা-কর্মীদের আসামি করে আরও চারটি মামলা করেছে পুলিশ। ককটেল হামলায় বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন।