শিক্ষক মাহবুবুলকে ছুটিতে পাঠানোর আদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মাহবুবুল হক ভূঁইয়াকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে জাতীয় শোক দিবসে ‘ক্লাস’ নেওয়ার অভিযোগ তদন্তে গঠিত কমিটির কার্যক্রম বহাল রয়েছে।

এদিকে উপাচার্যের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে ছিলেন। ফলে এই বিভাগে এদিনও কোনো ধরনের ক্লাস-পরীক্ষা হয়নি। ওই বিভাগের শিক্ষার্থীরা গত রোববার এ বিষয়ে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আন্দোলনে নামেন।

জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে শিক্ষক মাহবুবুল শিক্ষার্থীদের অনুরোধে পড়া বুঝিয়ে দিতে কিছুটা সময় দেন। কিন্তু মাহবুবুল ‘ক্লাস’ নিয়েছেন—এমন অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তাদের দাবির পরিপ্রেক্ষিত উপাচার্য মো. আলী আশরাফ ১৭ আগস্ট শিক্ষক মাহবুবুলকে এক মাসের (২০

গস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত) ছুটিতে পাঠান। এ ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়নি বলে অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এমন সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। তাদের আন্দোলনের মুখে গতকাল উপাচার্য আলী আশরাফ ক্যাম্পাসে আসেননি। তবে বাসায় বসে তিনি শিক্ষক মাহবুবুলকে ছুটিতে পাঠানোর ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবি এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে গত ১৭ আগস্টের অফিস আদেশ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রত্যাহার করা হলো।’

শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, ‘কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ না করেই উপাচার্য আমাকে এক মাসের ছুটিতে পাঠিয়েছিলেন। আবার তিনি নানামুখী চাপে পড়ে সেটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।’ এই শিক্ষকের দাবি, বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতি এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলায় তিনি উপাচার্যের বিরাগভাজন হন। উপাচার্য ব্যক্তিগত আক্রোশ থেকেই তাঁর বিরুদ্ধে ওই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা দুঃখজনক।

এ বিষয়ে কথা বলার জন্য উপাচার্য মো. আলী আশরাফের মুঠোফোনে গতকাল একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর দপ্তরের শাখা কর্মকর্তা হোসাইন মোরশেদ ফরহাদ বলেন, ‘উপাচার্য স্যার অসুস্থ। তাই ক্যাম্পাসে আসেননি। বাসায় বসে নথিতে সই করেছেন।’

তদন্ত কমিটি বহাল

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেদিন শিক্ষক মাহবুবুলকে ছুটিতে পাঠানোর আদেশ জারি করে, সেদিনই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। সিন্ডিকেট সদস্য মোসলেহ উদ্দিন আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়। গতকাল ছুটির ওই আদেশ প্রত্যাহার করা হলেও তদন্ত কমিটি বাতিলের কোনো নির্দেশনা নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের বলেন, ছুটি প্রত্যাহার করা হলেও তদন্ত কমিটি কেন প্রত্যাহার করা হলো না, তা বুঝতে পারছেন না তাঁরা। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে শিক্ষক সমিতি বৈঠকে বসবে।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আইনুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৌশলী চিঠি দিয়েছে। ছাত্রলীগ বলছে, তাদের কোনো অভিযোগ নেই। এরপরও উপাচার্য পুরো প্রক্রিয়া বাতিল করেননি। তদন্ত কমিটি রেখে দিয়েছেন। কোনো ধরনের তদন্ত ছাড়া যে ব্যক্তি ছুটি দিতে পারেন, তিনি ভবিষ্যতে তদন্ত কমিটিকে ব্যবহারও করতে পারেন।’