শিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলার রায় ৭ ফেব্রুয়ারি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার কলেজশিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলার যুক্তিতর্ক গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচারকাজ চলছে। যুক্তিতর্ক শেষে বিচারক একরামুল হক চৌধুরী আগামী ৭ ফেব্রুয়ারি মামলার রায়ের দিন ঘোষণা করেন।যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি এন্তাজুল হক। তাঁর সঙ্গে ছিলেন বাদীপক্ষের আইনজীবী অংকুর সেন, শাহনেওয়াজ ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দিল সেতারা ও আবদুল মালেক। আসামিপক্ষের আইনজীবী ছিলেন হামিদুল হক ও আবু বাকার। পিপি এন্তাজুল হক বলেন, পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, মিজানুর রশিদকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা বোঝানোর চেষ্টা করেছেন যে, এটা একটা দুর্ঘটনা।আদালত সূত্রে জানা গেছে, গত ২, ২৭ ও ২৮ নভেম্বর এবং ১৮ ডিসেম্বর ও ৮ জানুয়ারি পাঁচ দিনে মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে আদালত একজনকে বৈরী ঘোষণা করেন। ২০১০ সালের ১২ অক্টোবর মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের প্রভাষক মিজানুর রশিদ। ২৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান।