নাটোরের প্রতিবাদী কলেজশিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আবদুল আওয়াল ওরফে রাজনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে মারধরের কারণে শিক্ষক মিজানুরের মৃত্যু হয়েছে বলে তাঁর ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহবাগ থানার মাধ্যমে নাটোরের বাগাতিপাড়া থানায় এসে পৌঁছায়। বাগাতিপাড়া আদালত সূত্র জানায়, মিজানুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নাটোরের বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম গতকাল দুপুরে রাজনকে বাগাতিপাড়ার বিচারিক হাকিম রওশন আলমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। আদালতকে তিনি বলেন, ‘মামলার ঘটনাটি সাধারণ সড়ক দুর্ঘটনা। এই মামলায় ইভ টিজিংয়ের কোনো ঘটনা নেই। ইভ টিজিংয়ের বিষয়টি গণমাধ্যমের সৃষ্টি। তাই এই আসামিকে (রাজন) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। তার রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জামিনের আবেদন মঞ্জুর করা হোক।’ দুই পক্ষের শুনানি শেষে আদালত রাজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের আবেদন নামঞ্জুর করেন।তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামি রাজনকে আজ বুধবার নাটোর কারাগার থেকে বাগাতিপাড়া থানায় নেওয়া হবে।মারধরে মৃত্যু হয়েছে মিজানুরের: শিক্ষক মিজানুরের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, মারধরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শিক্ষক মিজানুরের মৃত্যু হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড।মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রহিম জানান, শিক্ষক মিজানুর বখাটে সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে গত ২৪ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর মরদেহের ময়নাতদন্ত হয়। বাগাতিপাড়া থানার হত্যা মামলায় ময়নাতদন্তের প্রতিবেদনটি তলব করা হলে গতকাল বিশেষ বাহক মারফত তা থানায় আসে। বিরোধীদলীয় নেত্রীর প্রতিনিধিদল মিজানুরের বাড়িতে: বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি প্রতিনিধিদল গতকাল রাজশাহীর চারঘাট উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মিজানুরের বাড়িতে যায়। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমান এবং স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। তাঁরা মিজানুরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা জানান এবং মিজানুরের কবর জিয়ারত করেন। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে আসিফ ও রাজন গত ১২ অক্টোবর বাগাতিপাড়ার লোকমানপুর কলেজের প্রভাষক মিজানুর রহমানের ওপর মোটরসাইকেল তুলে দেয়।