শিক্ষক রঞ্জিতের মাদ্রাসায় চেয়ার-টেবিল-বেঞ্চ দিল প্রথম আলো ট্রাস্ট
নীলফামারীর আলোচিত সেই শিক্ষক রঞ্জিত কুমার রায়ের মাদ্রাসায় চেয়ার-টেবিল ও বেঞ্চ দিয়েছে প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলোর সম্পাদকের প্রতিশ্রুতি অনুযায়ী গত শনিবার দুপুরে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এসব আসবাব তুলে দেওয়া হয়।পরিবারের ভরণপোষণ চালাতে শিক্ষকতার পাশাপাশি দিনমজুরি ও ইটভাটায় কাজ করতে হতো শিক্ষক রঞ্জিতকে। এ নিয়ে ‘এক বেলা শিক্ষকতা অন্য বেলা দিনমজুরি’ শিরোনামে একটি প্রতিবেদন গত বছরের ৯ মার্চ প্রথম আলোতে প্রকাশিত হয়। অনেকেই ওই শিক্ষক ও তাঁর মাদ্রাসার সহায়তায় হাত বাড়িয়ে দেন। পাঠকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রথম আলো শিক্ষক রঞ্জিতের নামে একটি তহবিল গঠন করে দেয়।গত বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত ওই তহবিলে জমা পড়ে তিন লাখ ৫০ হাজার টাকা। প্রথম আলো ট্রাস্ট থেকে আরও এক লাখ ৮৪ হাজার ১৪৫ টাকা যুক্ত করে মাদ্রাসার জন্য একটি ঘর ও শিক্ষক রঞ্জিতের পরিবারের বসবাসের জন্য আরেকটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।গত ২৬ জানুয়ারি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ঘর দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চেয়ার-টেবিল ও বেঞ্চ প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। গত শনিবার দুপুরে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি বরুয়া দাখিল মাদ্রাসার মাঠে আনুষ্ঠানিকভাবে ১০ জোড়া বেঞ্চ, ছয়টি চেয়ার ও একটি টেবিল দেওয়া হয়। প্রথম আলো ট্রাস্টের পক্ষে সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান শাহ মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহিদ মাহমুদের কাছে এসব আসবাব হস্তান্তর করেন।এ সময় মাদ্রাসার সুপার মোস্তফা কামাল, শিক্ষক রঞ্জিত কুমার রায়, শামসুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। রঞ্জিত রায় বলেন, ‘প্রথম আলো আমাদের পাশে আছে। আমাদের আসবাবপত্র দিচ্ছে। এ জন্য আমি মাদ্রাসার পক্ষ থেকে প্রথম আলো পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’