শিক্ষক রিপনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে জানানো হয়, শিক্ষকের ওপর হামলার ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায় ও নাজিম উদ্দিন কলেজের শিক্ষকেরা আতঙ্কিত।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মাদারীপুর জেলা আহ্বায়ক প্রাণতোশ মণ্ডল বলেন, দিনের বেলায় বাড়িতে ঢুকে হামলা করার ঘটনা সবাইকে আতঙ্কিত করেছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক শ্যামল দে বলেন, হিন্দুদের ওপর একের পর এক জঙ্গি হামলার পরও প্রশাসন নির্বিকার। এ সব ঘটনার বিচারও দাবি করেন তিনি।
এ ছাড়া শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সরকারি নাজিম উদ্দিন কলেজে আজ সব ক্লাস বন্ধ ছিল। উদ্বিগ্ন শিক্ষকেরা কলেজে জরুরি সভা করে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
গতকাল বুধবার বিকেলে তিন দুর্বৃত্ত শিক্ষক রিপন চক্রবর্তীকে কলেজ ক্যাম্পাসের কাছে তাঁর ভাড়া বাসায় ঢুকে কুপিয়ে জখম করে। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে গোলাম ফাইজুল্লাহ ফাহিম (২০) নামের এক তরুণকে আটক করেন।
শিক্ষক রিপনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল বলেন, আক্রান্ত শিক্ষকের চিকিৎসা নিয়ে তাঁর পরিবার ব্যস্ত থাকায় মামলায় দেরি হচ্ছে। পুলিশ আটক ফাইজুল্লাহর কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি।