শিক্ষক রেজাউল হত্যা : ছাত্র মোন্তাসিরুল আবারও রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মোন্তাসিরুল আলম অনিন্দ্যকে আজ সোমবার আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে তাঁকে তৃতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হলো। 

দুই দিনের রিমান্ড শেষে আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক মোন্তাসিরুলকে আদালতে হাজির করেন এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডের আবেদন জানান। রাজশাহী মহানগর হাকিম আদালত-৫–এর বিচারক কুদরাত-ই-খোদা শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোন্তাসিরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়। বাবা শফিউল আলম রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি। শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় ৩ জুলাই ভোরে অভিযান চালিয়ে কাদিরগঞ্জ এলাকা থেকে মোন্তাসিরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ১৪ জুলাই আবেদনের শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২৩ এপ্রিল নিজ বাসার অদূরে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনায় ওই দিন তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ নগরের বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় মোন্তাসিরুলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আটক অবস্থায় মারা গেছেন।