শিক্ষক লাউঞ্জ পুনর্বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জটি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কলা ও মানবিকী অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ইতিহাস বিভাগের একটি কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতিহাস বিভাগের শিক্ষক আনিছা পারভীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ মার্চ নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জটি বাংলা বিভাগ দখল করে নেয়। এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে ১ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন লাউঞ্জটিকে বাংলা বিভাগের কাছ থেকে অবমুক্ত করে তালা লাগিয়ে দেয়। এ নিয়ে কলা ও মানবিকী অনুষদের ৭৪ জন শিক্ষক এর নিন্দা জানিয়ে উপাচার্যের কাছে লাউঞ্জটি খুলে দেওয়ার দাবি জানান। কিন্তু উপাচার্য মৌখিক আশ্বাস দিলেও এখনো পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। যার ফলে উপাচার্যের বক্তব্য মিথ্যা আশ্বাসে পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে লাউঞ্জটি খুলে না দিলে শনিবার প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের শিক্ষক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, রায়হান রাইন, সৈয়দ নিজার আলম প্রমুখ।