শিক্ষক লাঞ্ছনা ও হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নিন্দা
নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূইয়া।
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি শিক্ষক নির্যাতনের দুটি ভিন্ন ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নজরে এসেছে। একটি ঘটনায় ১৮ জুন কথিত ধর্ম অবমাননাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়। অন্য ঘটনায় ২৭ জুন এক শিক্ষার্থীর আঘাতে সাভারের আশুলিয়ার কলেজশিক্ষক উৎপল কুমার সরকার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুটি ঘটনাতেই তীব্র সামাজিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। সাম্প্রতিক সময়ে ধর্ম নিয়ে একশ্রেণির মানুষের অপতৎপরতা দেশের অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধকে চরমভাবে আঘাত করছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করার হীন উদ্দেশ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার অংশ হিসেবেই ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা ঘটানো হচ্ছে বলে আমরা মনে করি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সামাজিক ও নৈতিক শিক্ষার অভাবে কোথাও কোথাও ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনতি দেখা যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সর্বস্তরের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মকে ধর্মান্ধতা থেকে বের করে পরমতসহিষ্ণুতা, অসাম্প্রদায়িকতা ও মুক্ত চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে হবে। যাতে তাঁরা আদর্শ জীবন গঠনসহ দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকেই ভূমিকা রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষক নির্যাতনের দুটি ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এ ধরনের চরম নিন্দনীয় ও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।’
প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের এক ছাত্রের পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে ১৮ জুন কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের ওই ছাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিন কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাঁকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন। তখন অধ্যক্ষ ওই ছাত্রের ‘পক্ষ নিয়েছেন’ এমন রটনা ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা তৈরি হয়।
এ সময় উত্তেজিত ছাত্ররা অধ্যক্ষ ও দুজন শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তাদেরও সংঘর্ষ হয়। এ সময় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজের কিছু ছাত্র ও স্থানীয় ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেন।