শিক্ষক লাঞ্ছনা চরম অসভ্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনাটি চরম অসভ্যতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারও নেই। সুতরাং আমি নারায়ণগঞ্জের ওই শিক্ষককে লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’
তথ্যমন্ত্রী গতকাল বুধবার সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘যারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই অপকর্ম করেছে, সরকার তাদের এক চুলও ছাড় দেবে না।’
সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু বলেন, সরকার উৎখাতের জন্য খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে আগুনযুদ্ধ চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছেন। এতে পরাজিত হওয়ার পর চক্রান্তের রাজনীতি জিইয়ে রাখতেই একটা ছকে গুপ্তহত্যা চলছে।
মাজার জিয়ারতের পর তথ্যমন্ত্রী বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে জঙ্গিবাদের পাহারাদার এবং বিএনপিকে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসী উৎপাদনের কারখানা বলে উল্লেখ করে তাদের বর্জনের আহ্বান জানান। জাসদের সাম্প্রতিক দলীয় কাউন্সিলকে কেন্দ্র করে দলত্যাগী নেতা-কর্মীদের সম্পর্কে দলটির সভাপতি ইনু বলেন, ‘সবার জন্য জাসদের দরজা খোলা আছে। আমরা সব সময় ঐক্যের পক্ষে।’
জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে কর্মী সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা উত্তর সভাপতি সফি উদ্দিন মোল্লা, সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, মুক্তিযোদ্ধা রফিকুল হক প্রমুখ বক্তব্য দেন। বিকেলে তথ্যমন্ত্রী নগরের সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবে ও রাতে জিন্দাবাজারে জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।