শিক্ষক লাঞ্ছনা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় করা মামলায় মামুন খান নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ঢাকার কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মামুন খান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, যোগ্যতা না থাকায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিতে অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগ নেতা মামুন গত ২৩ জানুয়ারি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মইনুদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে মামুন ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পরদিন ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আশুলিয়া থানায় মামুনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিসিপ্লিনারি বোর্ডের সভায় প্রথমে মামুনকে সাময়িক পরে আজীবন বহিষ্কার করার সুপারিশ করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, আজ দুপুরের দিকে মামলার তদন্ত কর্মকর্তা মোফাজ্জ্বল হোসেন ঢাকার কলাবাগান থেকে ওই থানার সহযোগিতায় মামুনকে গ্রেপ্তার করেন।