শিক্ষক লাঞ্ছনাকারী সাংসদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সাংসদ সেলিম ওসমানসহ দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল চট্টগ্রাম নগরে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবিটি বিকেলে প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান শুধু একজন শিক্ষককেই লাঞ্ছিত করেননি, তিনি পুরো জাতিকে অপমান করেছেন। শিক্ষক লাঞ্ছনাকারী সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিল করে তাঁকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানান চট্টগ্রামের সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট নাগরিকেরা।
শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনের প্রতিবাদে ও সেলিম ওসমানের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় কটূক্তির গুজব ছড়িয়ে শিক্ষক শ্যামল কান্তিকে নির্যাতন করেছেন সেলিম ওসমান ও তাঁর সহযোগীরা। শিক্ষককে কান ধরে ওঠবস করানোর মাধ্যমে পুরো জাতিকেই কান ধরে ওঠবস করানো হয়েছে। ব্যক্তিস্বার্থ হাসিলে যেকোনো বিষয়ে ধর্মীয় গুজব ছড়িয়ে সমাজকে সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর মাধ্যমে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে উৎসাহিত করা হচ্ছে।

প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনাকারী সাংসদ সেলিম ওসমান ও তঁার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধনে অংশ নেয় শিশুসহ নানা বয়সী মানুষ। ছবিটি গতকাল বিকেলে তোলা l ​ছবি: প্রথম আলো

আবৃত্তি সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, খেলাঘর চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশ, নারী নেত্রী নূরজাহান খান, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শিলা দাশ গুপ্ত, ছাত্র ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা, যুব ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সংগঠক সুনীল ধর প্রমুখ।
এদিকে একই দাবিতে গতকাল বিকেলে নগরের চেরাগীমোড়ে আরেকটি মানববন্ধন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ এই মানববন্ধনের আয়োজন করে।