শিক্ষক লাঞ্ছনাকারীকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের এক মাস পার হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার আয়োজনে গতকাল বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করা হয়। এতে নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আসা পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন।
গত ১২ সেপ্টেম্বর কাদিয়াল-নাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী রানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম ও তাঁর সহযোগী আওয়ামী লীগের নেতা আবু মুসা। উপজেলার মাতাজী হাট বাজারে এ ঘটনা ঘটে। ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে চেয়ারম্যানের মনোনীত প্রার্থী পরাজিত হওয়ায় চেয়ারম্যান এ হামলা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক মহাদেবপুর থানায় মামলা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের মধ্যে জনসমক্ষে একজন শিক্ষককে মারধর করা হলেও অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। চেয়ারম্যান ও তাঁর সহযোগীর বিরুদ্ধে মামলা হলেও এক মাসেও তাঁদের গ্রেপ্তার করেনি পুলিশ। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। তাঁরা চেয়ারম্যানের পদ থেকে মঞ্জুরকে বরখাস্তের দাবি তোলেন।
মানববন্ধনে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনসুর আলী দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন শিল্পী রানীর স্বামী রাইগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হাই সিদ্দিকী, শিক্ষক সমিতির নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন শিক্ষক সমিতির নেতারা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন। তদন্ত শেষ হলে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।