জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগের নেতাকে বহিষ্কারসহ তিন দফা দাবিতে প্রশাসনকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছে শিক্ষক সমিতি। গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় শিক্ষকেরা এই সময়সীমা বেঁধে দেন। সভায় ৬ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের হাতে শিক্ষক নূরুল হক লাঞ্ছিত হওয়ার বিষয়ে আলোচনা হয়। সভায় শিক্ষকনেতাদের উত্থাপিত দাবিগুলো হলো শিক্ষক ও সিন্ডিকেট সদস্য নূরুল হককে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি পুনর্গঠন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ। দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় উপাচার্য আনোয়ার হোসেন ছাত্রলীগের নেতা রাজিবকে নিজ ক্ষমতাবলে সাময়িকভাবে বহিষ্কার করার ঘোষণা দেন। কিন্তু পরে তিনি সেটি কার্যকর করেননি।’ছাত্রদলের ধর্মঘটের ডাক: বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের ওপর হামলাকারীদের বহিষ্কার ও গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ১৫ ও ১৬ এপ্রিল ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। অন্য দাবিগুলো হলো শিক্ষার সুষুম পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করা এবং হলগুলোতে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা দেওয়া। গতকাল শনিবার বিকেল চারটায় সাভারের একটি রেস্তোরাঁয় সংবাদ সমেঞ্চলনে ধর্মঘট পালনের ঘোষণা দেন ছাত্রদলের কয়েকজন নেতা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. জাকিরুল ইসলাম। এ সময় সহসভাপতি ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।