সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লাঞ্ছনাকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি থেকে অব্যাহতি ও পরিচালনা কমিটিতে ‘দাতা কোটা’ বিলুপ্ত করার দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রক্তন শিক্ষার্থীরা।
গতকাল রোববার তাঁরা সিলেটের জেলা প্রশাসক ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে গতকাল সকালে স্মারকলিপি হস্তান্তর করেন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শিল্পপতি আফজাল রশিদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের সংগঠক আবদুল করিম, সিরাজুল ইসলাম, সুন্নাহ মজুমদার, জয়দীপ দাস, রাজ কুমার দাস, তানভীর রহমান প্রমুখ। স্মারকলিপিতে এ দুই দাবির পাশাপাশি ঘটনার তদন্ত করে পরিচালনা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বণ্টনের বিষয়টি চূড়ান্ত করারও দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২ এপ্রিল অধ্যক্ষসহ শিক্ষকদের লাঞ্ছনা করেন পরিচালনা কমিটির দুই সদস্য। তাঁদের একজন ভোটে নির্বাচিত, অন্যজন দাতা সদস্য হিসেবে পরিচালনা কমিটির সদস্য। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পরিচালনা কমিটি থেকে অভিযুক্ত ওই দুই সদস্যকে অব্যাহতি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ‘দাতা কোটা’ বিলুপ্ত করতে হবে।