চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজল দেবনাথকে লাঞ্ছনাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক লাঞ্ছনাকারীর শাস্তির দাবিতে গতকাল বুধবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে মৌন মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেণু কুমার দে, সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান ছিদ্দিকীসহ সমিতির বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য দেন।
বক্তব্যে শিক্ষক নেতারা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এবং একই ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমিতির পক্ষে পুনরায় মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। এ ছাড়া অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া না হলে সমিতির পক্ষ থেকে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।
এর আগে সকালে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এক সাধারণ সভায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।
গত ১০ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে পথরোধ করে টাকা পাওয়ার কথা বলে কক্সবাজার সদরের সাংসদ সাইমুম সারোয়ারের ছোট ভাই তানভীর সারোয়ার ওই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজল দেবনাথকে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় কাজল দেবনাথ নগরের চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।