শিক্ষক লাঞ্ছনাকারীর শাস্তির দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ
শিক্ষক লাঞ্ছনাকারীর শাস্তির দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিন স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন পর্যন্ত স্থানীয় উচ্ছৃঙ্খল যুবক মো. আলামিন ওরফে জুলি (৩২) শিক্ষকদের আসা-যাওয়ার পথে অসৌজন্যমূলক (গালাগাল) আচরণ ও লাঞ্ছিত করে আসছেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে ওই কর্মসূচি পালন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে স্থানীয়দের জন্য ধীরগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা দেওয়া হয়েছিল। এতে আলামিনও অংশ নেন। প্রতিযোগিতায় হেরেও তিনি প্রথম পুরস্কার দাবি করেন। না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এরপর থেকেই শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দুজন শিক্ষককে লাঞ্ছিত করেন।