ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার দেকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই কর্মসূচি পালন করেন।
গত বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপার এলাকায় ১৫ থেকে ২০ জন সুব্রত কুমারকে মারধর করে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তারেক নামের একজনসহ ১৫ জনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুল কাদের মামলাটি করেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সুব্রত কুমার হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রধান ও ব্যবসায় অনুষদের ডিন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির পরিচালকের দায়িত্ব পালন করছেন। বেশ কিছুদিন আগে হায়দার কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে মাটি ভরাটের কাজ করে। এরপর তারা পাওনা বুঝে নেয়। তবে প্রতিষ্ঠানটির জামানতের ১৬ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা আছে। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জামানতের টাকা তোলার জন্য আবেদন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ওই টাকা ফেরত দেওয়ার কথা জানায়। বুধবার ঠিকাদারের পক্ষ থেকে তারেক নামের এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সুব্রত কুমারের কাছে জামানতের টাকা চান। সুব্রত কুমার প্রক্রিয়া মেনে টাকা দেওয়ার কথা জানান এবং এ জন্য তাঁকে অপেক্ষা করতে বলেন। এর জের ধরে সুব্রত কুমারের সঙ্গে অশোভন আচরণ করেন তারেক।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ শহরের বাসায় ফেরার পথে গাঙ্গিনারপার এলাকায় তারেকের নির্দেশে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত সুব্রত কুমারকে বেধড়ক মারধর করে জখম করে। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্তপাত হয়।
এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও তারেকের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, তারেকসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।