শিক্ষক লাঞ্ছনার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটুলিয়া দারুস সুন্নাহ এএইচবি দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সদস্যের বিরুদ্ধে এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার মাদ্রাসাটির সামনের সড়কে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, একটি দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি দল মঙ্গলবার মাদ্রাসাটিতে আসে। তদন্ত শেষ হলে দলটি চলে যায়। পরে মাদ্রাসাটির পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. সেলিম জাহান সেখানে আসেন। তিনি সবার সামনে শিক্ষকদের নিয়ে কটূক্তি করেন। ইংরেজি বিষয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম এর প্রতিবাদ করলে সেলিম জাহান তাঁকে কিল-ঘুষি ও হুমকি দেন।
নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসাটির দুজন শিক্ষক বলেন, তদন্ত দলের কাছে শিক্ষক নুরুল ইসলাম সাক্ষ্য দিয়েছিলেন। এতে সেলিম জাহান ক্ষিপ্ত হয়ে এ কাণ্ড ঘটান। এতে নুরুল ইসলাম অসুস্থ হয়ে সেখানেই ঢলে পড়েন। সহকর্মীরা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে গতকাল চিকিৎসকেরা জানিয়েছেন।
এ বিষয়ে সেলিম জাহান বলেন, নুরুল ইসলামকে তিনি লাঞ্ছিত বা হুমকি দেননি। উত্তেজিত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় মাদ্রাসাটির শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে। তারা মাদ্রাসা থেকে বের হয়ে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে।
মাদ্রাসাটির সুপারিনটেনডেন্ট মো. গোলাম মোস্তফা বলেন, সেলিম জাহান মাদ্রাসায় এসে শিক্ষকদের নিয়ে কটূক্তি ও উচ্ছৃঙ্খল আচরণ করেছেন। পরিচালনা কমিটিতে আবার সদস্য হতে না পারার ক্ষোভে তিনি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালান। শিক্ষককে হুমকি ও লাঞ্ছিত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।