শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ইউএনওর দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ গতকাল বৃহস্পতিবার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। এরপর উপজেলার শিক্ষকেরা তাঁদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।
ইউএনও গত মঙ্গলবার সকালে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারুল ইসলামকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে গতকাল বিকেলে ইউএনওর কার্যালয়ের সামনে গোমস্তাপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি মানববন্ধন করার কথা ছিল। পরে ইউএনও ভুল স্বীকার করায় তা বাতিল হয়ে যায়।
গতকাল ইউএনও কার্যালয়ে এলাকার সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের উপস্থিতিতে ভুক্তভোগী শিক্ষক ও উপজেলা শিক্ষক নেতাদের সঙ্গে ইউএনওর সমঝোতা বৈঠক হয়। বৈঠকে ইউএনও মামুনুর রশিদ বলেন, উত্তেজনার কারণে তিনি ভুল করেছেন। পরে তিনি লাঞ্ছিত শিক্ষকের সঙ্গে কোলাকুলি করেন ও দুঃখ প্রকাশ করেন।