শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফকে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি পালন ও কালো ব্যাজ ধারণ করেছেন শিক্ষকেরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সাধারণ ছাত্ররা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার এসব কর্মসূচি পালন করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, গত বুধবার প্রশাসনিক ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছাত্র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু হানিফকে লাঞ্ছিত করে। এ বিষয়ে গত বুধবার সন্ধ্যায় শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষক মিলনায়তনে এক জরুরি সভা হয়। সভায় এ ঘটনায় জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। এ ঘটনায় কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুল আলীর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজের শিক্ষকেরা গতকাল কলেজের সব শ্রেণির ক্লাস বর্জন এবং কালো ব্যাজ ধারণ করেছেন।
শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বেলা ১১টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাব হয়ে শহরের চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর চৌমোহনা চত্বরে শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধন করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক বলেন, ‘কে বা কারা ঘটনাটি করেছে, এখনো তা পাইনি। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ঘটনার সাথে কারা জড়িত, তা আমাদের জানাবেন। আমরা ছেলেদের (শিক্ষার্থীদের) আশ্বস্ত করেছি, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’
অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বলেন, কারা জড়িত কেউ বলছে না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে জানানো হয়েছে। তারাও ব্যবস্থা নিচ্ছে।