
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার কর্মবিরতি, মৌন মিছিল ও সমাবেশ করেছেন উপাচার্যবিরোধী শিক্ষকেরা। আর রোববারের ঘটনা তদন্তে গতকাল তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত রোববার সকালে আন্দোলন করার সময় উপাচার্যবিরোধী শিক্ষকদের ব্যানার কেড়ে নিয়ে ছাত্রলীগ তাঁদের লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এর আগে আন্দোলনরত শিক্ষকদের হাতে উপাচার্য আমিনুলও লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া যায়।
ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শিক্ষকেরা। তাঁরা ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল এবং উপাচার্যের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীও অংশ নেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, সাবেক ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, আন্দোলনকারী শিক্ষকদের পক্ষে ইয়াসমিন হকসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে অন্য বক্তারা শিক্ষক লাঞ্ছনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে বিশ্ববিদ্যালয়ে বিবদমান বিভিন্ন শিক্ষক সংগঠনও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, শিক্ষক ও উপাচার্য লাঞ্ছনার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক সাবিনা ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা পারভিন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবি জানায় শিক্ষকদের একাংশ। গত ১২ এপ্রিল থেকে এ দাবিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু হয়। কিন্তু এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা হিসেবে আখ্যা দেয় সরকার-সমর্থক শিক্ষকদের অপর একটি অংশ। তারা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়। পাশাপাশি ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে উপাচার্যের পক্ষ নেয় ছাত্রলীগ।
নিন্দা-প্রতিবাদ: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গতকাল দুপুরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়া পৃথক বিবৃতিতে ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, সম্মিলিত সামাজিক আন্দোলন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।