শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলমকে লাঞ্ছিত করার ঘটনায় বিচারের দাবিতে আজ শনিবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে ‘দরপত্র’ পছন্দের প্রার্থীকে দেওয়া নিয়ে সৈয়দ আলমকে মারধর করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। সৈয়দ আলম ৮ মার্চ পর্যন্ত ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বিভাগের শিক্ষকেরা জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কমনরুমের আসবা কিনতে দরপত্র আহ্বান করে ছাত্রকল্যাণ দপ্তর। ওই দরপত্র পছন্দের প্রার্থীকে দিয়ে আসছিল ছাত্রলীগ। কিন্তু সৈয়দ আলম তাতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার তাঁকে মারধর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

|এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে শিক্ষকেরা বলেন, বিনা কারণে কয়েক দিন পরপরই শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। কিন্তু সরকারদলীয় ছাত্রসংগঠন হওয়ায় বিচারের নামে প্রহসন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তাঁরা।

রসায়ন বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলম সাংবাদিকদের বলেন, ‘ছাত্রকল্যাণের নতুন পরিচালকে হিসাব-নিকাশ বুঝিয়ে দিতে বৃহস্পতিবার ওই দপ্তরে যাই। এ সময় দপ্তরে উপস্থিত থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের পছন্দের প্রার্থীকে টেন্ডার দিতে আমাকে চাপ দেয়। আমি তাতে রাজি না হওয়ায় মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর ও মেরে ফেলার হুমকি দেয় তারা।’

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার ছাত্রকল্যাণ দপ্তরে ছিলেন না তিনি। এ ছাড়া ওই দিন ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটেনি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল বালা বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার বিচারের দাবিতে আজ দুপুরে জরুরি সভায় বসবে শিক্ষক সমিতি। সভা শেষে সিদ্ধান্ত জানানো হবে।’