শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলে শ্রেণিকক্ষে পড়ানোর সময় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

এর আগে শনিবারও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, মামলায় প্রধান আসামি করা হয়েছে রূপপুর গ্রামের সৌরভ হোসেনকে। শনিবারই সৌরভের ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা-পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, শ্রেণিকক্ষে পাঠদানের সময় গত মঙ্গলবার পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্র প্লাস্টিকের একটি সাপ নিয়ে শিক্ষিকা খাদিজা পারভীনকে ভয় দেখায়। সহকারী প্রধান শিক্ষক নিত্যানন্দ সূত্রধর এ ঘটনায় ওই ছাত্রকে শাসন করলে সে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর ওই ছাত্রের বড় ভাই সৌরভ হোসেনসহ (২০) কয়েকজন শ্রেণিকক্ষে ঢুকে নিত্যানন্দ সূত্রধরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ধারালো চাকু দেখিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। পরে সন্ত্রাসীরা শিক্ষকদের শাসিয়ে বিদ্যালয় ত্যাগ করে। এ ঘটনায় পরদিন বুধবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বাদী হয়ে  থানায় মামলা করেন।