শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবিতে গতকাল সোমবার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন।
বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, অভিভাবক বাবু মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের এখনো গ্রেপ্তার করেনি। তাঁরা অবিলম্বে ওই সন্ত্রাসীদের আটক ও নীতিমালা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানান।
এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিদ্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। এই নির্বাচন নিয়ে স্থানীয় আবু বক্কার সিদ্দিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ৭ সেপ্টেম্বর বিদ্যালয়ে ক্লাস চলাকালে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রধান শিক্ষক জমারত আলীকে বেদম মারধর করে তারা পালিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন স্থগিত করা হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হাসান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনের মাধ্যমেই কমিটি গঠন করা হবে।