শিক্ষক লাঞ্ছনার বিচার চেয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দায়ী সার্জেন্টের বিচারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এসব কর্মসূচি পালিত হয়।
শিক্ষক সমিতির ব্যানারে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন অভিযুক্ত সার্জেন্ট শেখ ইমরান হোসেনের স্থায়ী বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে সেখান থেকে মৌন মিছিল বের করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। অভিযুক্ত সার্জেন্টের বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।