শিক্ষক লাঞ্ছনার বিচারিক তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম অবমাননার অভিযোগ এনে নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় বিচারিক তদন্ত শুরু করেছে কমিটি। ওই ঘটনা নিয়ে যেসব সংবাদ হয়েছে, তা চেয়ে বেশ কয়েকটি সংবাদপত্র ও ভিডিও ফুটেজ চেয়ে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলকে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল রোববার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ (প্রশাসন ও বিচার) বলেন, হাইকোর্টের আদেশ অনুসারে ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান তদন্ত শুরু করেছেন। সংবাদপত্রে প্রকাশিত সংবাদের কপি চেয়ে পাঁচটি সংবাদপত্র ও ভিডিও ফুটেজ চেয়ে পাঁচটি টিভি চ্যানেল বরাবর চিঠি পাঠানো হয়েছে।
একটি সূত্র বলেছে, চিঠিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ঘটনার বিষয়ে চিঠি পাঠানো পত্রিকাগুলোয় গত ১৮ মে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন তারিখে প্রকাশিত সংশ্লিষ্ট সব প্রতিবেদন সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। ঘটনা নিয়ে প্রচারিত বেশ কয়েকটি টিভি চ্যানেলের ভিডিও ফুটেজও চাওয়া হয়েছে। মুখ্য মহানগর হাকিমের পক্ষে মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলামের স্বাক্ষরে গত বুধবার ওই চিঠি পাঠানো হয়।
নারায়ণগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে গত ১০ আগস্ট হাইকোর্ট পুরো ঘটনা বিচারিক তদন্তের নির্দেশ দেন। ঘটনা তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে আগামী ৩ নভেম্বরের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ৬ নভেম্বর প্রয়োজনীয় আদেশের জন্য বিষয়টি আসবে বলে জানান আদালত।
সময় টিভির সিডি জমা: সময় টিভিতে ৩০ আগস্ট সম্প্রচারিত টক শোর সিডি ও শ্রুতলিখন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। গতকাল চ্যানেলটির পক্ষ থেকে এসব জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, আপিল বিভাগ ওই টক শোর সিডি ও শ্রুতলিখন ৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রোববার বিকেলে চ্যানেলটির পক্ষ থেকে এসব জমা দেওয়া হয়েছে।
৩০ আগস্ট রাত ১০টায় সময় চ্যানেলের ‘সম্পাদকীয়’ অনুষ্ঠানে সম্প্রচারিত টক শোর বিষয় ছিল ‘যুদ্ধাপরাধের বিচার এবং কাঠগড়ায় প্রসিকিউশন’। ওই অনুষ্ঠানের আলোচনা আদালত অবমাননাকর কি না, তা খতিয়ে দেখার কথা পরদিন আদালতে বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি নিয়ে আপিল বিভাগ ওই নির্দেশ দেন।